সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে কেউ আক্রান্ত হননি।
শনিবার (২৮ জুন) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগে থেকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।