নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

যশোরের শহরের সার্কিট হাউসপাড়ায় একটি আটতলা নির্মাণাধীন ভবনের ৬ তলার ঝুল বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও সাব-কন্ট্রাক্টর নুরু (৪৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মাথায় আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভবনে কাজ করা ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, বেলা ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলার ব্যালকনি ভেঙে গেলে এই তিনজন নিচে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা লাবু জোয়ার্দার বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ছিলাম। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি বিল্ডিংয়ের ঝুল বারান্দা ভেঙে রাস্তার ওপরে তিনজন পড়ে আছেন। রাস্তায় রক্ত। এরপর আমরা স্থানীয়দের সহায়তায় তাদের তিনজনকে ইজিবাইকে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দিই। শুনেছি ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুই প্রকৌশলীকে চিনতাম।”