ভিজিএফ কার্ডের আবেদন নিয়ে দ্বন্দের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে অনলাইনে দুস্থ ভাতা (ভিজিএফ) কার্ডের আবেদন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজ মথুরাপুর দর্গাতলা এলাকার খিলাফত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার কার্ডের আবেদন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮) এর সঙ্গে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে বিজয় ও আজিজ মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে অবস্থানকালে পলাশ ছুরি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে আজিজের পেটে ছুরিকাঘাত করলে তার নাড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।