জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আগামীকাল সোমবার (১৪ জুলাই) ‘‘উইমেন্স ডে’’ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা সাড়ে ৬টায় এটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশো দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবি প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানে যোগদানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী মোড় ও দোয়েল চত্বর প্রবেশপথগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে এ সময় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই (সোমবার) বিকেল ৪টা থেকে ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ৭টা পর্যন্ত অন্যান্য প্রবেশপথগুলোতে (শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি) ব্যতিত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এই সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। এ ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।