সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়াও কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করেন তারা।

গাড়ি ভাঙচুরের একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।