সুদহার নির্ধারণে স্বচ্ছতা আনতে নতুন রেফারেন্স রেট চালু হচ্ছে

দেশের আর্থিক বাজারে সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট (বিওএফআর) এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর) নামে নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশে বিভিন্ন ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য এবং অন্যান্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে একটি কার্যকর ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে এই দুটি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, রেট নির্ধারণের পদ্ধতি ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই প্রক্রিয়াটি অনুসরণ করতে পারবে। সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে এই দুটি রেফারেন্স রেট অনুসরণের  নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে দেশের মুদ্রাবাজারে সুদের হার নির্ধারণের প্রক্রিয়া আরও আধুনিক হবে এবং দেশীয় আর্থিক খাতের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় ঘটবে।