চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী ও গ্রাহকরা।
সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী ‘সম্মিলিত ইসলামী ব্যংক আমানতকারী অ্যাসোসিয়েশন’র ব্যানারে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ সমাবেশের পর মিছিল করে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায় তালা দেন।
একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
এ সময় আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক কায়সারুল আলম বলেন, “সব গ্রাহক এক সঙ্গে টাকা তুলতে এলে টাকা দেওয়া তো সম্ভব না। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার স্বাভাবিক লেনদেন চলছে, আন্দোলনের কারণে তো স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।”
আন্দোলনকারীরা জানান, নিয়ম অনুযায়ী তারা সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দিয়েছেন। এতেও কোনো প্রতিকার না পেয়ে এখন শাখায় শাখায় তালা ঝোলানো কর্মসূচি চলছে। সামনে বড় কর্মসূচি আসবে।
এর আগে, রবিবার খাতুনগঞ্জেও বিক্ষোভ করেন গ্রাহক ও আমানতকারীরা।