ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। এ সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।    

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা একটি সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সার্বক্ষণিক এটিএম সেবা চালু রাখতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে বুথ পরিদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

একইসঙ্গে এমএফএস, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবাও নিরবচ্ছিন্ন রাখার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়া জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও মার্চেন্টদের (ব্যবসায়ীদের) সচেতন করার কথা বলা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে অ্যাকাউন্টভিত্তিক এবং কার্ডভিত্তিক লেনদেনে বাধ্যতামূলকভাবে ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ নিশ্চিত করতে বলা হয়েছে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (যেমন: বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে লেনদেন সচল ও এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি সব ধরনের ডিজিটাল লেনদেনে তাৎক্ষণিক এসএমএস অ্যালার্ট চালু রাখা, সার্বক্ষণিক হেল্পলাইন (সহায়তা কেন্দ্র) সেবা নিশ্চিত করা এবং গ্রাহক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় ব্যাংকগুলোর কিছু শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। ওই সময়ে গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজও সীমিত সময়ের জন্য খোলা থাকবে।