ব্যাংক হিসাব খুলতে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করলো সরকার।
তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বাধ্যবাধকতার আওতায় পড়বে না।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
তিনি বলেন, “স্টুডেন্ট একাউন্ট, নো-ফ্রিলস একাউন্ট ও বোর্ড কর্তৃক গেজেট দ্বারা টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত, অন্য যেকোনো ব্যক্তি, ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ দাখিল করার বিধানের প্রস্তাব করছি।”
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ব্যাংকের তথ্যের সঙ্গে সরাসরি সংযুক্ত (ইন্টিগ্রেটেড) হওয়ার উদ্যোগ নিয়েছে। শুধু ব্যাংক নয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সংস্থার তথ্যভাণ্ডারের সঙ্গেও অনলাইনভিত্তিক সংযুক্তি স্থাপনের কথা বলা হয়েছে বাজেটে।
অর্থমন্ত্রী বলেন, “সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশনের মাধ্যমে এনবিআরের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক, ইউটিলিটি সেবা, সাব-রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে।”
অনেকে আশঙ্কা করছেন, যখন ক্যাশলেস সোসাইটি গড়ার কথা বা ডিজিটালাইজেশন করার কথা বলা হচ্ছে তখন এ সিদ্ধান্তের ফলে বড় অংশের মানুষ ব্যাংকিং সেবার বাইরে চলে যেতে পারে।