২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার উপর কর না নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপনে তিনি এ কথা তুলে ধরেন।
এত দিন ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতি বা জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হতো না। এবার সেই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, কোনো ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে তার ওপর কোনো কর (আবগারি শুল্ক) কাটা হবে না।
এছাড়া ঋণ হিসাবের (লোন অ্যাকাউন্ট) ক্ষেত্রেও একটি স্বস্তিদায়ক প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, একটি ঋণ হিসাবের বিপরীতে এখন থেকে কেবল একবারই কর কাটা হবে।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।



