Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষি খাতে বরাদ্দ বেড়ে ৪৩,৩৩৫ কোটি টাকা

দেশের ৫৫তম বাজেট পেশ করার সময় এই মেগা বরাদ্দের ঘোষণা দেন অর্থমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০২৬, ০৬:১১ পিএম

দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য খাতে বড় ধরনের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এই তিন কৌশলগত খাতের জন্য নতুন বাজেটে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট পেশ করার সময় এই মেগা বরাদ্দের ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকারের এই মেয়াদের প্রথম এই বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত এই ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকার বরাদ্দ দেশের মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) শূন্য দশমিক ৬৩ শতাংশ।

বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই তিন খাতের জন্য সম্মিলিত বরাদ্দের পরিমাণ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা, যা ছিল তৎকালীন জিডিপির শূন্য দশমিক ৬১ শতাংশ। সেই তুলনায় এবার বিদায়ী অর্থবছরের চেয়ে ৬ হাজার ২০৯ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, সরকার কৃষিকে কেবল উৎপাদন খাত হিসেবে না দেখে 'জাতীয় খাদ্য নিরাপত্তার কৌশলগত খাত' হিসেবে ঘোষণা করায় এই বাড়তি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বিপুল অঙ্কের টাকা মাঠপর্যায়ে কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া, উন্নত জাতের বীজ ও সারের জোগান নিশ্চিত করা, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং দেশের আপদকালীন খাদ্য মজুত গড়ে তোলার কাজে ব্যয় করা হবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন সচল রেখে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এই বর্ধিত বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা।

   

About

Popular Links

x