Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে গড়িয়ে পড়েছে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

স্পেনে দ্রুতগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বেসরকারি রেল পরিচালনা প্রতিষ্ঠান ‘রেনফে’ এবং ‘ইরিয়ো’ কোম্পানির দুটি উচ্চগতির ট্রেন একে অপরকে ধাক্কা দেয়। এতে ইরিয়ো ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে।

মাদ্রিদের উরদা শহরের কাছে ঘটা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে স্পেনের বার্তা সংস্থা ‘এফে’ জানিয়েছে। উরদা শহরটি মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি অপারেটর ‘ইরিয়ো’র একটি ট্রেনে ১৪৭ জন এবং অন্য একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেননি যে, ‘ইরিয়ো’ ট্রেনটি থেমে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনটি সেটির পেছনে ধাক্কা দিয়েছিল কি না।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে ট্রেনের এক যাত্রী জানান, হঠাৎ করেই তারা প্রায় ১০ সেকেন্ড ধরে চলা এক বিকট শব্দ শুনতে পান। যা ধরে নিয়েছিলেন, ট্রেনটি বুঝি লাইনচ্যুত হতে চলেছে। জানালা দিয়ে তাকিয়ে তারা পাশে আরেকটি বিধ্বস্ত ট্রেন দেখতে পান।

জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করছেন এবং জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে দমকলকর্মী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি সেবা কর্মীদের পাশাপাশি তিনটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

দেশটির জাতীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান রেনফে ট্রেন দুটিতে থাকা যাত্রীদের স্বজনদের জন্য একটি সহায়তা হটলাইন চালু করেছে।

এদিকে, দেশটির পার্লামেন্ট দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, এ খবরে তিনি মর্মাহত। তিনি আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থনও প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে একই রুটে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

   

About

Popular Links

x