বিল ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে

মোবাইল ফোনে রিচার্জ ও গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ডিজিটাল বা মোবাইল ব্যাংকিংয়ে ঋণ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহকরা ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ৩০ দিনের মধ্যে সুদ ছাড়াই এই ঋণ পরিশোধ করা যাবে। তবে নির্ধারিত সার্ভিস ফি পরিশোধ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালায় এই ডিজিটাল ঋণ চালুর কথা বলা হয়েছে। জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশিত হয়েছে। মতামত ও পরামর্শ পর্যালোচনা শেষে চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, এই ছোট ঋণে কোনো সুদ প্রযোজ্য হবে না। এর পরিবর্তে ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে নির্দিষ্ট হারে সার্ভিস ফি নেওয়ার যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ক্যাশলেস (নগদবিহীন) অর্থনীতি গড়ে তুলতে এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।

নির্ধারিত সার্ভিস ফি

৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে ৫ টাকা

২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে ১০ টাকা

৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণে ১৫ টাকা

১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে ২৫ টাকা

২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণে ৩৫ টাকা

৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে ৫০ টাকা

অনুমোদিত এই সার্ভিস ফি ছাড়া ব্যাংকগুলো কোনো ধরনের সুদ, জরিমানা, প্রসেসিং ফি বা অন্য কোনো অতিরিক্ত চার্জ নিতে পারবে না। নির্ধারিত সময়ের আগেই কেউ ঋণ শোধ করে দিলে তার কাছ থেকে বাড়তি কোনো ফিও নেওয়া যাবে না বলে খসড়ায় বলা হয়েছে।

পুরো ঋণ প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। কাগজের স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকদের বায়োমেট্রিক সত্যতা যাচাই এবং ডিজিটাল সম্মতি গ্রহণ করবে ব্যাংকগুলো।