ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ৫৭% বেড়ে হলো ৫,৫০০ টাকা

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,৫০০ টাকা করেছে সরকার। নতুন এই ফি এর আগের হারের চেয়ে ৫৭.১% বেশি। এই সিদ্ধান্ত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বিদেশে কর্মসংস্থানের খরচ আরও বাড়িয়ে দেবে।

সংশোধিত এই ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। গত ২০ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম পরিচালনা ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়াতে এবং এসব কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করতে ফি সংশোধন করা হয়েছে।

বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এমন পরিস্থিতিতে ফি বাবদ নতুন করে ২,০০০ টাকা বৃদ্ধি বিদেশ গমনেচ্ছু অনেক কর্মীর জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল করে তুলবে।

প্রসঙ্গত, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নানামুখী কল্যাণমূলক সেবা দিয়ে থাকে।