বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সাইবার হামলার হুমকির মুখে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট অফলাইন বা সাময়িকভাবে বন্ধ করে রেখেছে ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওয়েবসাইটটিতে সাধারণ ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেননি। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার বার্তা দেখা যাচ্ছে। এতে বলা হয়েছে, সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই আবার চালু হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই অফিশিয়াল ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।