২০২৬ সালের অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৭% ।
এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮.৩৪%। তবে গত বছরের একই মাসের (অক্টোবর ২০২৫) তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনও কিছুটা বেশি রয়েছে। গত বছরের ওই মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.১৭%।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতিতে বেশ কিছুটা স্বস্তি এসেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬.৪০% হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.২২%। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি ০.৮২% পয়েন্ট কমেছে।
খাদ্য মূল্যস্ফীতি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯%, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯.৩০%। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে ০.৫৯% পয়েন্ট।
এদিকে বছরওয়ারি তুলনায় দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.১৭%। চলতি বছরের অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.২৭%। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে ০.১০% পয়েন্ট।