তারল্য সংকট কাটিয়ে ওঠার লড়াইয়ের মধ্যেই নতুন করে জটিলতায় পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি পরিশোধ না করায় ব্যাংকটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি কেন্দ্রে মামলা করেছে সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে ব্যাংকটির গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোর ব্যাংকিং সফটওয়্যারের কার্যক্রম ব্যাহত হলে টাকা জমা ও উত্তোলন, এটিএম, কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে বিপাকে পড়তে পারেন ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহক।
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) নথি অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস’-এর সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এ সালিশি মামলা করেছে। মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।
নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে করা চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয়; যার মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ। পরে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালে সফটওয়্যারটির বার্ষিক রক্ষণাবেক্ষণ, লাইসেন্স ফি ও অন্যান্য সেবার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ন্যাশনাল ব্যাংক। চুক্তি অনুযায়ী নিয়মিত অর্থ পরিশোধের কথা থাকলেও ২০২৪ সাল থেকে রক্ষণাবেক্ষণ ফি ও সংশ্লিষ্ট পাওনা পরিশোধ করা হচ্ছে না। সরবরাহকারী প্রতিষ্ঠান একাধিকবার তাগাদা দিলেও ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
সফটওয়্যারের সেবা বন্ধ বা সীমিত হয়ে গেলে কোনো একটি শাখা নয়, বরং পুরো ব্যাংকের লেনদেনব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং সেবা, গ্রাহকের হিসাব ব্যবস্থাপনা এবং অর্থ স্থানান্তরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। আগে থেকেই তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের মধ্যে এ খবরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, তারল্য সংকটের কারণে এমনিতেই প্রয়োজনের সময় টাকা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা রয়েছে; এর মধ্যে কোর ব্যাংকিং সফটওয়্যার নিয়ে জটিলতা সৃষ্টি হলে ব্যাংকিং সেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হলেও ব্যাংকটির আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। আমানতকারীদের পাওনা অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়। এর আগে গত ১৪ অক্টোবর সোনালী ব্যাংক স্বল্পমেয়াদি ধার হিসেবে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দেয়। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিতে তিন মাসের জন্য দেওয়া এই ঋণের বিপরীতে ন্যাশনাল ব্যাংককে বছরে ১০ শতাংশ সুদ দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক এবং টাকা তুলতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। সোনালী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা ও ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারে সহায়তা করতেই এই অর্থ ধার দেওয়া হয়েছে এবং যথাসময়ে তা ফেরত পাওয়ার আশা করছে তারা। নির্ধারিত তিন মাসের মধ্যে ন্যাশনাল ব্যাংক অর্থ পরিশোধে ব্যর্থ হলে সোনালী ব্যাংক বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানাবে।
দেশের অন্যতম পুরোনো বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে তীব্র তহবিল সংকট ও উচ্চমাত্রার খেলাপি ঋণের কবলে রয়েছে; যার কারণে গত কয়েক বছর ধরেই তারা বাংলাদেশ ব্যাংক থেকে জামানতবিহীন তারল্য সহায়তা নিয়ে আসছিল। এমন পরিস্থিতিতে বিশাল অঙ্কের তারল্য সহায়তার পরও অপরিহার্য সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ফি বকেয়া থাকার বিষয়টি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।