প্রথম মাসে সোয়া ৪ কোটি টাকাও টোল তুলতে পারেনি বঙ্গবন্ধু টানেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গত এক মাসে গাড়ি চলাচল করেছে এক লাখ ৭৪ হাজার ৮৭১টি। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ৩৫০ টাকা।

বুধবার (২৯ নভেম্বর) সকালে এ তথ্য জানান টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, গত ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। ওইদিন থেকে গত এক মাসে এক লাখ ৭৪ হাজার ৮৭১টি গাড়ি চলাচল করেছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১১ লাখ টাকা। প্রতিদিন গড়ে টোল আদায় হয় ১৩ লাখ ৭১ হাজার ২৭৪ টাকা।

প্রতিদিন গড়ে টানেল দিয়ে গাড়ি চলেছে ৫,৮২৯টি। এই টানেল দিয়ে দৈনিক ১৭ হাজার ২৬০ যান চলাচল করতে পারবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। সেই হিসেবে আশানুরূপ যান চলাচল করেনি।

কর্ণফুলী নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরে টানেলটি নির্মাণ করা হয়েছে। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। চার লেন বিশিষ্ট দুটি টিউবের প্রতিটির দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। গত বছরের ২৬ নভেম্বর টানেলের দক্ষিণ প্রান্তের একটি টিউবের পূর্তকাজের সমাপ্তি উদযাপন করা হয়। এই উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়লি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের নভেম্বরে অনুমোদন পায় প্রকল্পটি। ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ৮,৪৪৬.৬৪ কোটি টাকা। পরে বৃদ্ধি পেয়ে ১০,৩৭৪.৪২ কোটি টাকায় দাঁড়ায়। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২% সুদে ৫,৯১৩.১৯ কোটি টাকা দিচ্ছে। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।