সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের আগের দুইদিন শুক্র ও শনিবার (৫ ও ৬ জানুয়ারি) সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণত শুক্র ও শনিবার সব ধরনের ব্যাংক বন্ধ থাকে।
বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে পাঠানো এক চিঠিতে আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলার নির্দেশনা দেয় ইসি। চিঠিতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষর ছিল।
চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অর্থ উত্তোলনের সুবিধার্থে এ দুদিন সীমিত জনবলে তফসিলি ব্যাংকগুলোর ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের শাখা খোলা রাখতে বলেছে ইসি।
চিঠিতে বলা হয়, “ওই দুই দিন নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে উক্তরূপ তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।”
তবে যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনি দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।