বাণিজ্য প্রতিমন্ত্রী: কৃতিত্বলাভের জন্য না, আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, “সীমিত সামর্থ্য নিয়ে দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্বলাভের জন্য কাজ করি না, দেশ ও জনগণের স্বার্থে কাজ করছি।”

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ ও পয়লা বৈশাখের আনন্দ সাধারণ মানুষের চোখের জলে ভেসে গেছে”- বিএনপির যুগ্ম-মহাসচিবের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, “ঈদের ছুটিতে পাঁচ দিন গ্রামে ছিলাম, মাঠে-ঘাটে চলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সবার মধ্যে একটা স্বস্তি দেখতে পেয়েছি। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করেছে। এবারের নববর্ষ শুধু ঢাকায় নয় গ্রামেও উদযাপিত হয়েছে, মেলা হয়েছে।”

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে আহসানুল ইসলাম বলেন, “রমজান মাস আমাদের জন্য ব্যাপক চ্যালেঞ্জের ছিল, সবকিছুর চাহিদা তিনগুণ বেড়ে যায়। এটা আমার জন্য বড় অভিজ্ঞতা। আপনারা জানেন, দিল্লি থেকে পেঁয়াজ আনা হয়েছে। সেই সঙ্গে, আমাদের তেল-চিনিসহ নিত্যপণ্য পর্যাপ্ত ছিল। একই সঙ্গে দাম ঊর্ধ্বমুখী নয় নিম্নমুখী ছিল। এসব চ্যালেঞ্জ পার হয়ে আসছি।”