ঈদ-উল-আজহার পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সরকারি অফিস সময়সূচিতে পরিবর্তন আসার পর ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক।
নতুন সময়সূচি অনুযায়ী ১৯ জুন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। এখন ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যায়। ফলে ব্যাংকে লেনদেনের সময় বাড়ছে ৩০ মিনিট। ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে।
আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে এই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতে ফিরছে।