বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১.২১ বিলিয়ন মার্কিন ডলার

বছরের প্রথম ১৮ দিনে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১.২১ বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪,৭২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৮১৮ কোটি টাকা।

রবিবার (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বছরে প্রথম ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫৬ মিলিয়ন মার্কিন ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯১ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

চলমান ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে ১৩.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০.৮ বিলিয়ন মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২.৯৮ বিলিয়ন মার্কিন ডলার।