২০২৫-এর শুরুতেই জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় সঞ্চয়পত্রগুলোতে আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। এখানে মেয়াদান্তে এমনকি নগদায়নের ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে মুনাফার হার। এই রিটার্নটি যে মূলধনের সঙ্গে সম্পৃক্ত সেই বিনিয়োগের সীমাতে লক্ষ্য করা গেছে যথেষ্ট পরিব্যাপ্তি। ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে জাতীয় সঞ্চয় অধিদপ্তর উৎসে করের বিষয়ের তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ করে। এর ফলে মেয়াদপূর্তি বা নগদায়নে ভিন্ন ভিন্ন বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থের হিসেবের একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে চলুন, পেনশনার সঞ্চয়পত্রের পরিবর্তিত মুনাফা হারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেনশনার সঞ্চয়পত্রের পুনর্নির্ধারিত মুনাফার হার
নিম্নের টেবিলে ৫-বছর মেয়াদী এই স্কিমে বিভিন্ন বিনিয়োগ সীমায় নগদায়নকালে এবং মেয়াদপূর্তিতে ধার্যকৃত মুনাফা উল্লেখ করা হলো:
টেবিল: পেনশনার সঞ্চয় প্রকল্পে বিভিন্ন বিনিয়োগের বিপরীতে পুননির্ধারিত মুনাফার হার
| সময় | বিনিয়োগ সীমা সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা | বিনিয়োগ সীমা ৭ লাখ ৫০ হাজার ১ টাকা হতে তদূর্ধ্ব | ||||
| সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%) | মুনাফার হার (%) | ৫,০০,০০১ টাকা থেকে সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর (%) | মুনাফার হার (%) | উৎসে কর (%) | মুনাফার হার (%) | |
| ১ম বছরান্তে | কোনো উৎসে কর নেই | ১০.২৩ | ১০ | ১০.২৩ | ১০ | ১০.১১ |
| ২য় বছরান্তে | ১০.৭৫ | ১০.৭৫ | ১০.৬২ | |||
| ৩য় বছরান্তে | ১১.৩১ | ১১.৩১ | ১১.১৭ | |||
| ৪র্থ বছরান্তে | ১১.৯১ | ১১.৯১ | ১১.৭৫ | |||
| ৫ম বছরান্তে | ১২.৫৫ | ১২.৫৫ | ১২.৩৭
| |||
সর্বোচ্চ সাড়ে ৭ লাখ (৭,৫০,০০০) টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে মুনাফা পাওয়া যাবে সর্বোচ্চ ১২.৫৫% হারে। ৭ লাখ ৫০ হাজার (৭,৫০,০০১) টাকার বেশি মূলধন জমা করলে তার বিপরীতে এই লাভের হার কমে হবে সর্বোচ্চ ১২.৩৭%।
পেনশনার সঞ্চয় ব্যবস্থায় সর্বোচ্চ ৫ লাখ (৫,০০,০০০) টাকা পর্যন্ত বিনিয়োগে কোনও উৎসে কর কাটা হবে না। তবে ৫ লাখ টাকার বেশি (৫,০০,০০১ বা তার চেয়ে বেশি) হলে ১০% উৎসে কর ধার্য হবে।
মেয়াদপূর্তির আগে মূলধন উত্তোলনের ক্ষেত্রে ফেরতকৃত সুদ-আসলের মধ্যে সুদের অংশ উপরোক্ত টেবিল অনুসারে প্রতি বছর শেষে উল্লেখিত হারে হিসেব করা হবে। এই স্কিমের মুনাফা যেহেতু প্রতি মাসে দেওয়া হয়, সেহেতু ৫ বছরের জন্য কেনা সঞ্চয়পত্রে ক্রেতার নামে সর্বোচ্চ হারে মুনাফা জমা হবে। তাই সিদ্ধান্ত বদলে আগেই নগদায়ন করলে প্রদানকৃত অতিরিক্ত অর্থ মূলধন থেকে কেটে রাখা হবে।
৫ লাখ (৫,০০,০০০) টাকা পর্যন্ত মূলধন জমাকারিদের প্রথম বছর শেষে নগদায়নে প্রদেয় মুনাফা হবে বার্ষিক ১০.২৩% হারে। এখানে কোনো উৎসে কর আরোপ হবে না। একই ভাবে দ্বিতীয় বছরান্তে লাভের হার দাড়াবে ১০.৭৫%, তৃতীয় বছর শেষে ১১.৩১% এবং চতুর্থ বছর পর ১১.৯১%।
৫ লাখ ১ টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার (৫,০০,০০১ - ৭,৫০,০০০) টাকা পর্যন্ত বিনিয়োগে নগদায়নের প্রতি বছরান্তে মুনাফার উপর উৎসে কর আরোপ হবে ১০%। প্রথম বছর শেষেই বিনিয়োগকৃত টাকা উত্তোলনের ক্ষেত্রে প্রদেয় মুনাফা ১০.২৩% হারে ধার্য হবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছর শেষে নগদায়নে মুনাফা পাওয়া যাবে যথাক্রমে ১০.৭৫%, ১১.৩১% এবং ১১.৯১% হারে।
৭ লাখ ৫০ হাজার (৭,৫০,০০১) টাকার বেশি মূলধন জমাকারিদেরও একই ভাবে ১০% উৎসে কর দিয়ে যেতে হবে। প্রথম বছরান্তের নগদায়ন হিসেবে বার্ষিক ১০.১১% হারে রিটার্ন দেওয়া হবে। দ্বিতীয় বছর অতিক্রান্তের পর নগদায়নে এই হার হবে ১০.৬২%, তৃতীয় বছর পর ১১.১৭% এবং চতুর্থ বছর শেষে ১১.৭৫%।
পেনশনার সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার কারা পাবেন
১ জানুয়ারি, ২০২৫ তারিখ ও তার পর থেকে যারা পেনশনার সঞ্চয়পত্র কিনবেন শুধুমাত্র তারাই এই পুনর্নির্ধারিত হারে মুনাফা পাবেন।
কারা পেনশনার সঞ্চয় স্কিম কিনতে পারবেন
- অবসরপ্রাপ্ত স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সরকারি, ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী
- সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি
- সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য
- মৃত চাকরিজীবীর স্বামী, স্ত্রী, বা সন্তান যারা ইতিপূর্বে পেনশনের সুবিধা পেয়ে এসেছেন
পেনশনার সঞ্চয়পত্রের অন্যান্য সুবিধা
- মাসিক মুনাফা প্রদানের নিয়ম
- উত্তরাধিকার নিয়োগের সুবিধা
- বিনিয়োগকারির মৃত্যুর পর নিয়োগকৃত উত্তরাধিকার মেয়াদ উত্তীর্ণের পর সুদাসল তুলতে পারবেন। এছাড়া উত্তরাধিকার চাইলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও নগদায়নপূর্বক প্রাপ্য মুনাফা-আসল তুলে ফেলতে পারবেন।
পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা
ভবিষ্য তহবিলের চূড়ান্ত অর্থ ও প্রাপ্ত আনুতোষিক বা গ্রাচুইটি সব মিলিয়ে একক নামে অনুর্ধ্ব ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।
পরিশিষ্ট
২০২৫ সালের ১ জানুয়ারী থেকে পেনশনার সঞ্চয়পত্রের ক্রেতারা এই পুনর্নির্ধারিত মুনাফা হারের সুবিধা পাবেন। পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়া হবে ১২.৫৫% হারে। আর সাড়ে ৭ লক্ষাধিক টাকা বিনিয়োগকারিদের প্রদেয় মুনাফার হিসেব হবে ১২.৩৭% হারে। এর মধ্যে ৫ লাখের জন্য কোনো কর দিতে হবে না, তবে এর বেশি মূলধনের জন্য আরোপকৃত উৎসে করের পরিমাণ ১০%।
উপরন্তু, অন্যান্য সঞ্চয় স্কিমগুলোর মতো এই প্রকল্পেও নগদায়নকালে প্রাপ্ত রিটার্ন বিগত বছরগুলোর তুলনায় বেশি হবে।