স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রবিবার (১৭ মে) থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের’ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে।
‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি দেওয়া নির্দেশিকা ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা নিতে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজোল্যুশন সফটওয়্যারে আপলোড করে পিএমইএটির ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ এ ফরওয়ার্ড করার তারিখ ও সময় ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ও পিএমইএটির ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তিসংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।