Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আরও ১টি মেডিকেল কলেজের অনুমোদন চূড়ান্ত

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:১৭ পিএম

দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার প্রসারে ঠাকুরগাঁও জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টিতে। 

বুধবার (১৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় “ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ” প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

ঠাকুরগাঁওয়ে নতুন এই মেডিকেল কলেজ অনুমোদনের ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বারের এই জনপদের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর ফলে ওই অঞ্চলের শিক্ষার্থীরা নিজ জেলায় চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার সুযোগ পাবেন, পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নতুন কলেজটি যুক্ত হওয়ার আগে দেশে মোট ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ সচল ছিল। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আরও ছয়টি মেডিকেল কলেজ দেশব্যাপী চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

   

About

Popular Links

x