এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছরও পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। সব বোর্ড মিলে মেয়েদের পাসের হার ৬৬.৬৮% এবং ছেলেদের পাসের হার ৫৭.৮৬%।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫%।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
৩০,৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩,৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।