পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রচলিত বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতির পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমসিকিউ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে প্রশ্নপদ্ধতিতে পরিবর্তন আনা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, শুধু মুখস্থনির্ভর জ্ঞান যাচাইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়নে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে ভবিষ্যতে ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্নপদ্ধতি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও সভায় আলোচনায় আসে। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা বিবেচনায় নিয়ে যোগ্যতা নির্ধারণের জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে স্নাতক প্রথম বর্ষে আসন রয়েছে মাত্র ৬৩ হাজার।
সভায় ভর্তি পরীক্ষা পিছিয়ে আয়োজনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে ব্রিফিংয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনগত ক্ষমতা ও স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রেখেই ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।“