রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

এছাড়া এইচএসসির সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংশোধিত সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২০ ফেব্রুয়ারি নেওয়া হবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের পরীক্ষা।

ভর্তির আবেদন গ্রহণ করা হবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

আবেদনের বিষয়ে উপাচার্য জানান, যেসব শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের জন্য অতিরিক্ত ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

রাবি কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের যোগ্যতার শর্তও শিথিল করেছে।

নতুন শর্ত অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে আবেদন করতে হলে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান - উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে অন্তত ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে অন্তত ৭.৫০।

এর আগে, নভেম্বরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজনের কথা ছিল। তবে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১ জানুয়ারি থেকে শুরু হবে।