জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার নাম জব্বার। তিনি পেশায় একজন দোকানদার। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এছাড়া আহত অন্য দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।
আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, “রাত ১০টার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটি করছিলাম। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে আমার গোড়ালিতে বুটের ওপর কামড়ে ধরে। কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান এ বিষয়ে জানান, রবিবার দিবাগত রাত ১০টার পর শিয়ালের কামড়ে আহত হয়ে তিনজন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়।
তিনি বলেন, “আহত বাকি দুইজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ-সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।”
ধারণা করা হচ্ছে, র্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে।
জাবি শাখার ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শিয়াল নিয়ে আতংক ছড়ানোর খবর পেয়েছি। সোমবার দিনের বেলা কেউ শিয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব।”