ঈদ-উল-ফিতরের রেশ কাটার আগেই ঢালিউডে জোরেশোরে শুরু হয়েছে ঈদ-উল-আজহার সিনেমার তোড়জোড়। সাত দিন পরেই ঈদ। এই বড় উৎসবকে কেন্দ্র করে নানা জটিলতা ও হল সংকটের ধোঁয়াশা উড়িয়ে শেষ পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র ও প্রচার-প্রচারণার দৌড়ে টিকে থাকা এই সিনেমার দিকেই এখন চোখ দর্শকদের। চলুন, আসন্ন ঈদ-উল-আজহায় কোন সিনেমার মুক্তির কথা চলছে তা জেনে নেওয়া যাক।
রকস্টার
গত ঈদে ‘প্রিন্স’ আশানুরূপ সাড়া না পেলেও এবার শাকিব ভক্তদের সব নজর আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার দিকে। সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে সঙ্গে নিয়ে তৈরি এই সিনেমার টিজার ও ‘পিরিতি’ গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটিং পুরোপুরি শেষ হয়েছে এবং বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে যাবে বলে নিশ্চিত করেছে নির্মাতা পক্ষ।
রইদ
‘হাওয়া’ খ্যাত মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে দর্শকদের মাঝে তুমুল কৌতূহল। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটি ইতোমধ্যে গান ও পোস্টার দিয়ে নজর কেড়েছে। ১৭ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশব্যাপী পুরোদমে মাঠপর্যায়ের প্রচারণা শুরু করেছে ‘রইদ’ টিম। চলতি সপ্তাহেই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার কথা রয়েছে।
মাসুদ রানা
দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ঈদে আসছে সৈকত নাসিরের বিগ-বাজেটের সিনেমা ‘মাসুদ রানা’। রাসেল রানা ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটির বাকি থাকা অংশের শুটিং শেষ করে আগামী ২০ মে’র মধ্যে সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিশ্চিত করেছে। বর্তমানে এর পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
নাকফুলের কাব্য
প্রেম ও বিরহের গল্পে আলোক হাসান পরিচালিত ‘নাকফুলের কাব্য’ সিনেমাটি অনেক আগেই সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় ছিল। এবার ঈদে মুক্তির জন্য এটি চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। এই সিনেমায় জুটি বেঁধেছেন পূজা চেরি ও আদর আজাদ। চলতি সপ্তাহ থেকেই সিনেমার গান ও ট্রেলার প্রকাশ করে আনুষ্ঠানিক প্রচারণায় নামছে তারা।
পিনিক
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি হল সংকটের কারণে গত ঈদে মুক্তি থেকে সরে দাঁড়ায়। এবার প্রচারণায় কিছুটা নীরবতা থাকলেও পরিচালক জাহিদ জুয়েল আশ্বস্ত করেছেন, দ্রুতই গান, টিজার ও ট্রেলার নিয়ে তারা মাঠে নামছেন এবং এবার কোনোভাবেই মুক্তি থেকে সরবেন না। সেভাবেই প্রযোজকের সঙ্গে সব চূড়ান্ত করা হয়েছে।
মালিক
দীর্ঘ প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন ঘরানার এই সিনেমাটির শুটিং ও ডাবিং শেষ, বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। গত ১৫ মে আরিফিন শুভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে লম্বা চুল আর দাড়ির একটি নতুন রুক্ষ লুক প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘সব কিছুর শেষে একজনই থাকে... মালিক!’ শুভর এমন রহস্যময় বার্তার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের মনে জোরালো প্রশ্ন উঠেছে এই ঈদেই পর্দায় ‘মালিক’ আসছে কিনা? নির্মাতা জানায়, সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে প্রযোজকের পরিকল্পনা অনুযায়ী একসঙ্গে বড় প্রচারণায় নামবেন তারা।
এছাড়া সম্প্রতি নতুন পোস্টার প্রকাশ করে ঈদে ‘বনলতা সেন’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এরপরই প্রকাশ্যে আসে সহ-প্রযোজকের সঙ্গে তার বিরোধের বিষয়টি। অন্যদিকে শুটিং বাকি থাকায় বাপ্পারাজ ও দীঘির ‘বিদায়’ সিনেমা এই ঈদে মুক্তি পাবে কিনা সংশয় আছে। সর্বোপরি, ঢালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশি সিনেমাপ্রেমিদের।