কর্পোরেট চাকরির ব্যস্ততার মাঝেও সিনেমা বানানোর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস’ (এফএনএফ)। সেই স্বপ্নের উদ্যোগ থেকে অল্প পরিসরে ও স্বল্প খরচে নির্মিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত ২৭ মে এফএনএফ তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে চলচ্চিত্রগুলো ইউটিউবে মুক্তির ঘোষণা দেয়।
গত বছর ৩০ মে বিশেষভাবে প্রদর্শিত হয়েছিল ১০ নির্মাতার এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যা দর্শকদের কাছ থেকে উষ্ণ সাড়া পায়। সেই প্রদর্শনীর বছরপূর্তি উপলক্ষে এবার চলচ্চিত্রগুলো ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
ভিন্ন ভিন্ন জনরা বা ঘরানায় নির্মিত এই সিনেমাগুলোর তালিকায় রয়েছে, জাহিদুল হক অপু নির্মিত ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ’সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্যা কন্ট্রারি’ এবং আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘ইশপাইট’। সিনেমাগুলো দেখার জন্য নির্দিষ্ট ইউটিউব লিংকটি (লিংক) ব্যবহার করা যাবে।
এফএনএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউটিউবে সাধারণত রিলিজ হওয়া কনটেন্টগুলোর মতো নয় তাদের এই সিনেমাগুলো। এখানে রয়েছে অনেক মিসম্যাচ জনরা। যেমন—
লোক: বাংলাদেশি ফোক হরর ঘরানার এই সিনেমাটি এরই মধ্যে একাধিক বিদেশি ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।
সোলমেট: একটি জুতার পয়েন্ট অব ভিউ (দৃষ্টিভঙ্গি) থেকে তৈরি এই সিনেমাটিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে।
হুদাই মিস: একজন কর্পোরেট চাকরিজীবী ও জ্বীনের দেখা হওয়া নিয়ে তৈরি হয়েছে এর গল্প।
ইশপাইট: এটি নির্মিত হয়েছে একটি রোমান্টিক গল্প নিয়ে।
এছাড়াও প্ল্যাটফর্মটির ‘ফর সেল’ সিনেমায় অভিনয় করেছেন ’প্রেসার কুকার’ খ্যাত রিজভী রিজু এবং ‘অন দ্যা কন্ট্রারি’ সিনেমায় অভিনয় করেছেন ’রকস্টার’ সিনেমার গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি।
উদ্যোগটি সম্পর্কে ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস-এর পক্ষ থেকে জাহিদুল হক অপু বলেন, “এফএনএফ প্ল্যাটফর্মে ২০ জনের মতো সদস্য আছে, যাদের স্বপ্ন এক। এদের মধ্যে থেকে এবার ১০ জন নির্মাণ করেছেন আর বাকিরা কাজ করেছেন ক্যামেরার সামনে ও পেছনে। এটা ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতা আসবেন এবং আমরা দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছি।”
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে শেখ কোরাশানী বলেন, “আমাদের লক্ষ্য ছিল স্বল্প বাজেটের সিনেমা নির্মাণ। সেটা আমরা প্রথম সিজনে করেছি। এই প্র্যাকটিসটা আমরা করতে থাকব। পাশাপাশি কীভাবে আরও প্রফেশনাল কাজ করা যায়, সেই চেষ্টাও থাকবে।”
নির্মাতারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নতুন নির্মাতাদের স্বল্প পরিসরে গল্প বলার সাহস জোগাবে। প্রথম সিজনটি উন্মুক্ত করার পর তারা এখন খুব শীঘ্রই সিজন ২-এর ঘোষণা নিয়ে আসার পরিকল্পনা করছেন।