বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে তার নতুন দুটি চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা এস. এস. রাজামৌলি।
‘বারাণসী’ রাজামৌলির উচ্চাভিলাষী একটি প্যান-ওয়ার্ল্ড সিনেমা। সিনেমার কাহিনি অ্যান্টার্কটিকা, আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী পর্যন্ত বিভিন্ন স্থানে আবর্তিত হবে।
বারাণসী সিনেমাটিতে মহেশ বাবু দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখা যাবে প্রধান চরিত্র রুদ্র এবং হিন্দু দেবতা রামের ভূমিকায়। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে। প্রধান প্রতিপক্ষ হিসেবে কুম্ভ চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।
এর আগে, এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেছিলেন, মন্দাকিনী চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিলো যিনি একই সঙ্গে শক্তিশালী ও ভীষণ সংবেদনশীল- যিনি দুই দিকই ফুটিয়ে তুলতে পারবেন।
অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর এটি রাজামৌলির প্রথম সিনেমা। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এম. এম. কীরাভানি। যিনি ‘নাটু নাটু’ গানের জন্য অস্কার জিতেছিলেন।



