৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট। 

সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বামবা) যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড। 

শনিবার (১ আগস্ট) কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন বামবার সভাপতি হামিন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের আহমেদসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বামবার সভাপতি হামিন আহমেদ জানান, কনসার্টের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, এ আয়োজনে দেশের সাতটি ব্যান্ড দর্শকদের জন্য সংগীত পরিবেশন করবে। একই সঙ্গে সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘‘কনসার্ট ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।’’ দর্শকদের নিশ্চিন্তে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।