গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেলো ‘মনদোহারি’

গানচিল মিউজিকের ব্যানারে ‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১ এর নতুন গান প্রকাশ পেলো। ‘মনদোহারি’ শিরোনামে নতুন গানটি গেয়েছেন শামীম হাসান ও র‍্যাপার O.E.Z।

দেশের স্বনামধন্য সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। গানটির লিরিক লিখেছেন র‍্যাপার O.E.Z।    

এই সিজনের ভিডিও নির্দেশনা দিয়েছেন একে পরাগ, চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

এ সম্পর্কে অদিত রহমান বলেন, “খুব যত্ন নিয়ে এই সিজনের প্রতিটি গান তৈরি করা। গানের পেছনে প্রত্যেকটা মানুষের পরিশ্রম অনস্বীকার্য। আমার নিজের স্টুডিওতেই সবগুলো গান ও মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।”

কণ্ঠশিল্পী শামীম হাসান বলেন, “আমার গানের খাতায় “মনদোহারি” শিরোনামে আরেকটি দারুণ গান যুক্ত হলো। আমি ভাগ্যবান যে অদিত ভাইয়ের সুর ও সংগীতায়োজনে গানটি গাওয়ার সুযোগ পেয়েছি। তার সাথে কাজ করার অনুভূতি অন্য রকম। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত অনেক কিছু শিখছি। এ জন্য অদিত রহমান ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

গানটির গীতিকার রাকিব হাসান রাহুলের লেখার প্রশংসা করে শামীম আরও বলেন, “রাহুল আমার ভীষণ প্রিয় একজন গীতিকবি। তার কথার গাঁথুনিতে আমি মুগ্ধ হয়েছি। তাঁর লেখায় ব্যাপক গভীরতা রয়েছে। দোলা রহমান ও আমার গাওয়া “তোমারই মোহে” গানটিও রাহুলের লেখা। গানচিল মিউজিকসহ এই গানের সঙ্গে যুক্ত সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।”

রাকিব হাসান রাহুল বলেন, “মনদোহারি গানটি আমার মনের খুব কাছের। কিছু কথা থাকে যে লেখার পর নিজেই অবাক হয়ে যেতে হয়, নিজের ভেতরেই আলাদা ভালোলাগা শুরু হয়; এই গানটি ঠিক তেমন একটি গান।”

‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজনে ১ এর আগে সুতপা ও মনকস পার্ল এর গাওয়া ‘মেঘ আড়ালে’ এবং অনিমেষ রায় এর কণ্ঠে ‘তোমার নামের মাটিতে’ শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছে।