মা হচ্ছেন সঙ্গীতশিল্পী পুতুল

মা হতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গত বছরের ১৪ এপ্রিল সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে জানালেন তিনি মা হচ্ছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের মাতৃত্বকে বরণ করে নেওয়ার খবর জানান তিনি।

ফেসবুক পোস্টে সাজিয়া সুলতানা পুতুল লিখেছেন, “ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রূণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী। একটা গিটার একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার।”

অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “আশা করি পুতুল পরিবারে নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে বা জুনের শেষে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে বর্তমানে ভালো আছি।”

তিনি জানান, দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের জন্য। তবে তাদের পুত্র সন্তান নাকি কন্যাসন্তান আসছে তা এখনও জানেন না। আর সেটা চমক আকারেই শেষ পর্যন্ত রাখতে চান তিনি।