খলিফা ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের (রা.) চরিত্রে পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “অন্যরকম”-এর পর্বের জন্যই হযরত ওমরের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেতা।

প্রতি মাসের শেষ শুক্রবার প্রচারিত অনুষ্ঠানটির ইলিয়াস কাঞ্চনের অংশগ্রহণে বিশেষ এই পর্বটি ২৫ মার্চ সম্প্রচার করা হবে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্জাবি ও পাগড়ি পরা হযরত ওমরের সাজে একটি ছবিও শেয়ার করেছেন ইলিয়াস কাঞ্চন।

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় “অন্যরকম”-এর এবারের পর্বের বিভিন্ন অংশে অভিনয় করেছেন আবদুল আজীজ, জিল্লুর, হান্নান শেলী, লিটন খন্দকার, দিপু, শফিক খান দিলু, আশরাফ কবির ও আকাশসহ আরও অনেকে।