বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। সেখানে তার মোবাইল ফোনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ওই পোস্টে তিনি লিখেছেন- “চুরি হয়ে গেল ব্যাগ, এফডিসির ভেতর থেকে। সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন কারা এ কাজগুলো করে প্লিজ সাহায্য করেন।
পরবর্তী এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, “আমাদের এফডিসির শ্রদ্ধেয় নেতারা আপনার কোথায়? আপনাদের সহকর্মীর এতো বড় ক্ষতি হয়ে গেলো, আপনারা জানার পরেও এখনো কেউ আমাকে কল করে জানতে চাননি। আমি কি অবস্থায় আছি? অথচ ভক্ত অনুরাগী, বন্ধু বান্ধব, সাংবাদিক, পরিবারের আত্মীয়স্বজন সবাই জিজ্ঞাসা করছে। মনের সংকীর্ণতার উপরে উঠুন, শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ান। মানবতাও ধর্ম। সহমর্মিতা জানালে বড়ই হবেন, ছোট হবেন না।”
অরুণা বিশ্বাস গণমাধ্যমকে জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে ১৮ আগস্ট তিনি এফডিসিতে যান। সেখানে তার ব্যাগ চুরি হয়। ব্যাগের মধ্যে আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পরিচয়পত্র ও বাসার চাবিসহ বিভিন্ন জিনিসপত্র ছিল।
তার মতে, এফডিসির ভেতরে এমন ঘটনা ঘটছে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের ফলে। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন। সেই সঙ্গে চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, “এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাই। অনুষ্ঠান শুরুর আগে টেলিভিশন চ্যানেলগুলোকে বক্তব্য দিচ্ছিলাম। অঞ্জনা আপাকে বলে ব্যাগটা সেখানে রেখেছিলাম। কথা শেষ করে দেখি ব্যাগ সেখানে নেই।”
এদিকে দেশীয় সিনেমার আঁতুড়ঘরখ্যাত এফডিসিতে এমন চুরির কাণ্ডে বিস্মিত অনেকেই। চলচ্চিত্রসংশ্লিষ্টরা এ নিয়ে নানা মন্তব্য করছেন।