প্রায় সব বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে কাজ করে রুকাইয়া জাহান চমক হয়ে উঠেছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। গত বছরের অন্যতম আলোচিত ওয়েব সিরিজ “মহানগর”-এ অভিনয়ের মাধ্যমে ওটিটিতেও এই অভিনেত্রী মুন্সিয়ানা দেখিয়েছেন।
ছোট পর্দা এবং ওটিটির পর এবার রূপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন রুকাইয়া জাহান চমক। সরকারি অনুদানে নির্মিতব্য “জয় বাংলা ধ্বনি” নামের চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে। শুক্রবার (৪ নভেম্বর) এই সিনেমার শুটিংয়েও যোগ দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের নামের মতো “জয় বাংলা ধ্বনি” সিনেমায় রুকাইয়া জাহান চমকের অন্তর্ভুক্তিটাও অনেকের কাছেই চমক হয়ে এসেছে। চমকের জায়গায় প্রথমে এই চলচ্চিত্রে কাজ করার কথা ছিল “ন ডরাই” খ্যাত সুনেরাহর। তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি ছবিটি থেকে সরে যাওয়ায় তার জায়গায় চুক্তিবদ্ধ হন চমক।
বড় পর্দায় পা রাখা নিয়ে উচ্ছ্বসিত চমক বলেন, “মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হচ্ছে ভেবে ভালো লাগছে। নিজেকে কতটা মেলে ধরতে পারব জানি না। তবে চেষ্টা করব।”
খ. ম. খুরশীদ পরিচালিত “জয় বাংলা ধ্বনি” সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। গত মঙ্গলবার থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়। সিনেমায় চমকের বিপরীতে রয়েছেন নিরব হোসেন। শম্ভু রাজাকারের চরিত্রে অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর।
যার বিপরীতে চলচ্চিত্রে চমকের অভিষেক হচ্ছে, সেই নিরব চমকের প্রসঙ্গে বলেন, “চমক এ প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। আমার কাছে তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।”