বাংলাদেশে মুক্তির আগেই কানে ‘মা’র প্রদর্শনী

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস উদযাপিত হয়। সেই মা দিবস উপলক্ষে শুক্রবার (১৯ মে) অরণ্য আনোয়ার পরিচালিত এবং পরীমণি অভিনীত “মা” সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত অবশ্য সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে গেছে। তবে বাংলাদেশে মুক্তির আগেই ভিনদেশে হতে যাচ্ছে “মা” সিনেমার প্রথম প্রদর্শনী। 

শনিবার ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্মের আওতায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে ই থিয়েটারে মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমাটির প্রিমিয়ার হবে। ডেইলি স্টারের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, এবারের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রদর্শিত হবে “মা”।

“মা” সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। সেখান থেকে এ পরিচালক বলেন, “‘মা' সিনেমার পরিচালক হিসেবে এবং একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্ব হচ্ছে। আমাদের দেশের সিনেমার জয় হোক। ‘মা' সিনেমার জয় হোক।”

“মা” সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটানোর কারণে রূপালি পর্দায় নিয়মিত দেখা নেই এ চিত্রনায়িকার। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সর্বশেষ “মা” সিনেমার কাজ শেষ করেছিলেন এ অভিনেত্রী। তিনি বলেন, “নিঃসন্দেহে এটা খুশির খবর। খুবই আনন্দ হচ্ছে।”

“মা” সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। তিনি বলেন, “‘মা' সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে- এ জন্য আমি উচ্ছ্বসিত, আনন্দিত, আবেগাপ্লুত।”

অরণ্য আনোয়ার দেশের পরীক্ষিত নির্মাতাদের একজন। পরিচালক হিসেবে তিন দশকের ক্যারিয়ারে “মা” তার প্রথম নির্মিত সিনেমা। অরণ্যে পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন। সিনেমাটি আগামী ২৬ মে সারাদেশে মুক্তি পাবে।