দীপংকর দীপন পরিচালিত “অন্তর্জাল” সিনেমাটিকে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ফিল্ম বলা হচ্ছে। নতুন ধারার সিনেমা বলে দীর্ঘ সময় নিয়ে ও বড় আয়োজনে ছবিটি বানানো হয়েছে। দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে “অন্তর্জাল” নিয়ে অনেক আগে থেকেই আগ্রহ ছিল।
“অন্তর্জাল” সিনেমাটি আসন্ন ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল। ইতোমধ্যে ছবিটির টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। কেবল সেন্সরবোর্ডের ছাড়পত্র পাওয়াই বাকি ছিল। কিন্তু তার আগেই ঘোষণা এলো, সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
ঈদে মুক্তির তালিকায় থাকা “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”, “প্রহেলিকা” সিনেমাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচারণা এখন তুঙ্গে। কিন্তু ঈদের জন্য ঘোষিত “অন্তর্জাল” সিনেমাটি নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে সেভাবে প্রচারণা চোখে পড়েনি। কিছুদিন আগে গুঞ্জন ওঠে, সিনেমাটি ঈদে মুক্তি পাবে না। তখন পরিচালকসহ “অন্তর্জাল” টিমের কেউ কিছু না বললেও সেই গুঞ্জনই এখন সত্যি হলো।
মুক্তির নতুন তারিখ জানিয়ে সিনেমাটির অন্যতম অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, “বুধবার রাতে ছবির টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না। বৃহস্পতিবার সকালেও সবার সঙ্গে কথা হয়েছে ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আরও উপযুক্তভাবে ছবির পোস্টের কাজ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।”
এ অভিনেত্রী জানান, “অন্তর্জাল” সিনেমাটির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের আগে বা পরপরই শুটিং করার কথা আছে।
এদিকে বিষয়টি নিয়ে কিছু জানা নেই উল্লেখ করে অভিনেতা সিয়াম আহমেদ অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “কে বলেছে মুক্তি পাবে না? আমি তো এরকম কিছু জানি না। সুতরাং না জেনে বিষয়টি নিয়ে মন্তব্য করাও আমার উচিত হবে না। আর আমি গত কয়েক দিন ধরে অন্য প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত। দাদার (নির্মাতা দীপংকর দীপন) সঙ্গে কথাও হয়নি।”
“অন্তর্জাল” সিনেমার পরিচালক দীপংকর দীপন এখন ছবির পোস্ট প্রোডাকশনের কিছু কাজ নিয়ে কলকাতায় আছেন। ছবিটি ঈদে না আসার ব্যাপারে সরাসরি কিছু না বলে সেখান থেকে তিনি জানান, সিনেমাটি ঈদে আসবে কি আসবে না, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
“অন্তর্জাল” সিনেমাটি অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছে নির্মাতার পোষ্য টোটো।