সুন্দরী প্রতিযোগিতা থেকে ছোট পর্দায় অভিনয়। এরপর সিনেমাতেও দারুণ নজর কেড়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দীর্ঘ ক্যারিয়ার পাড় করলেও ব্যক্তিগত জীবনের বড় এক বিষয় ছিল আড়ালে। ছয় বছর ধরে প্রেম করেছেন তিনি। এ বছর সেই প্রেম পূর্ণতা পায়। ৪ জানুয়ারি ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে মালা বদল করেন তিনি।
এরপর তার ক্যারিয়ারে যোগ হয়েছে আলোচিত কিছু সিনেমা। সবমিলিয়ে প্রণয়ের প্রথম বছর দারুণ কেটেছে নায়িকার। এরমধ্যেই চলে এসেছে প্রথম বিবাহবার্ষিকী।
এ কারণে দিনটি তাদের কাছে ভীষণ বিশেষ। সেজন্য দিনটিকে স্মরণীয় করতে চান এই দম্পতি। উপলক্ষটিকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যাবেন তারা। খবরটি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মিম।
অভিনেত্রী বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেবো।
মিম জানান, ১০ দিনের সফরে তারা দুবাই পাড়ি জমাচ্ছেন। নতুন বছরের ৮ জানুয়ারি ফিরে আসবেন ঢাকায়।
তবে দেশে আসার একদিন পরেই নতুন সিনেমার কাজে যেতে হবে কলকাতা। সেখানে নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় মানুষ নামে একটি সিনেমায় কাজ করছেন মিম।
সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ।
এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র' ছবিতে অভিনয় করেছিলেন।
মিম জানালেন, কিছু দিন আগেই কলকাতায় গিয়েছিলেন তিনি। তখন তার অংশের অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে। বাকিটা ১০ জানুয়ারি থেকে শুরু হবে।