প্রায় দুই দশক ধরে নুসরাত ইমরোজ তিশা টিভি ও সিনেমা পর্দায় দৃপ্ত পদচারণা রেখে আসছেন। এমনকি বিয়ের পরেও কাজের গতিতে ভাটা পড়েনি। তবে মাতৃত্বকালীন সময়ে একেবারেই আড়ালে চলে যান তিনি। সম্প্রতি ছোট ছোট কিছু কাজ নিয়ে ক্রমশ পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খাদ্যপণ্য “চপস্টিক”র শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চুক্তিবদ্ধ হওয়ার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আস্তে আস্তে কাজে ফিরছি।
রাজধানীর গুলশান-১ এর স্যামসন সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিশা বলেন, “স্কয়ারের কোনো পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। চপস্টিক ব্র্যান্ডটি শুরু থেকেই শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস খেতেও সুস্বাদু। আর সবকিছু পর্যবেক্ষণ করেই আমি চপস্টিকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, শুভেচ্ছাদূত হিসেবে ভালো কিছু কাজ করতে পারব।”
এদিকে তিশা অভিনীত সর্বশেষ ছবি “শনিবার বিকেল” গত চার বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে, যার মুক্তি নিয়ে এখন দেশজুড়ে চলছে নানা আলোচনা।