লানা ডেল রে'র কণ্ঠের মাধুর্যে বিমুগ্ধ হয়নি, এমন সঙ্গীতপ্রেমী শ্রোতার সংখ্যা কম। বিশ্বব্যাপী তার গাওয়া গান রেকর্ডসংখ্যকবার শোনা হয়েছে। কিন্তু হঠাৎ যদি শোনা যায়, লানা ডেল রে ফাস্টফুডের রেস্টুরেন্টে কাজ করছেন তাহলে হয়তো অনেকেরই পিলে চমকে উঠবে।
আশ্চর্যজনক হলেও বাস্তবেই এমনটা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খাবার পরিবেশকদের ইউনিফর্ম পরে মার্কিন পপস্টার লানা ডেল রে একটি ওয়াফেল হাউসে কাজ করছেন। ওয়াফেল হাউসটি আলাবামা অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত।
হঠাৎ করে তিনি কেন রেস্টুরেন্টের কাজে নামলেন, সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভক্ত বলছেন, রেস্টুরেন্ট কর্মীরা লানাকে পোশাক এবং নেইম ট্যাগ উপহার দিয়েছিলেন। সে কারণেই খুশি হয়ে আতিথেয়তা তিনি কতটা পটু, তা পরখ করে দেখেন লানা।
ওয়াফেল হাউজটিতে খেতে গিয়ে লানা ডেল রে কে দেখে যারপনাই অবাক হন এক ক্রেতা। তাই সঙ্গীতশিল্পীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন তিনি। সেই ছবিতে নামের ট্যাগসহ ইউনিফর্ম ও স্নিকার্স পরিহিত অবস্থায় লানাকে দেখা যায়। সেখানে নামের ট্যাগে লানার আসল নাম লিজাবেথ গ্রান্ট লেখা ছিল।
৩৮ বছর বয়সী লানা ডেল রে কে বিগত এক দশকের সফল সঙ্গীতশিল্পী হিসেবে বিবেচনা করা হয়। তার দখলে পাঁচটি অস্ট্রেলিয়ান নম্বর ওয়ান অ্যালবাম রয়েছে। জুলাইয়ের শুরুর দিকেও তিনি যুক্তরাজ্যের লন্ডনের হাইড পার্কে ৬৫ হাজার ভক্তদের সামনে শো করেন।
লানা ডেল রের সম্পদের মূল্য ৪০ মিলিয়ন ডলারেরও বেশি। তারকা হলেও কনসার্ট এবং গানের মুক্তি ব্যতিত তাকে তেমন জনসম্মুখে দেখা যায় না। অতীতে তিনি অনেকবারই সঙ্গীতের বাইরেও ক্যারিয়ার গড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।