আশির দশকের জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ এখনও দর্শক হৃদয়ে নাড়া দেয়। ছবিটির ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে..’গানটি দুই বাংলার দর্শককে বেঁধেছিলো সুরের বাঁধনে। এবার সেই রূপকথার গল্পকেই টেলিভিশনের পর্দায় নিয়ে আসছে ভারতীয় বাংলা চ্যানেল সান বাংলা।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ধারাবাহিকটি প্রচারিত হবে।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটি। নায়কের ভূমিকায় ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং জোসনার ভূমিকায় ছিলেন অঞ্জু ঘোষ। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর ভারতের পশ্চিমবঙ্গেও নতুন করে ছবিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নায়কের ভূমিকায় চিরঞ্জিতকে দেখা গেলেও নায়িকা হিসেবে রয়ে গিয়েছিলেন অঞ্জু ঘোষ।
সান বাংলা চ্যানেল তাদের ‘বেদের মেয়ে জোসনা’ ধারাবাহিকে মূল চরিত্রে নির্বাচন করেছে রবি শ এবং স্নেহা দাসকে।
এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ভারতীয় টেলি অভিনেত্রী মোনালিসা পালকে।