দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমার নায়ক শাকিব খান। শুধু ঢালিউড নয়, টলিউডের সিনেমায়ও দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। ঢাকা এবং পশ্চিমবঙ্গের নায়িকাদের পর এবার শাকিব খানের সঙ্গে দেখা যাবে মার্কিন নায়িকাকে।
২০২২ সালের শুরুর দিকে “রাজকুমার” সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এরপর “রাজকুমার”-এর পরিচালক হিমেল আশরাফকে নিয়ে তৈরি হয় “প্রিয়তমা”, মুক্তি পাওয়ার পর ব্লকবাস্টার হিটও হয়। এরপর অনন্য মামুনের “দরদ” সিনেমার শুটিংও শুরু হয়। হয়নি কেবল “রাজকুমার”।
ফলে স্বভাবতই প্রশ্ন উঠে রাজকুমার হবে তো? নাকি ঘোষণাতেই শেষ সিনেমাটির অস্তিত্ব!
এদিকে প্রযোজক ও পরিচালকের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমার সিনেমার শুটিং শুরুর দিনক্ষণ ঠিক হয়েছে। পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর রাজকুমারের শুটিং শুরু হবে পাবনায়। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।”
“প্রিয়তমা” সিনেমার সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ “ত্রয়ী জুটি”র আখ্যা পেয়েছেন। এই ত্রয়ীর যৌথ প্রচেষ্টাতেই রাজকুমার মুক্তি পাবে আগামী ঈদ-উল-ফিতরে।
এই সিনেমাতেই শাকিবের সঙ্গে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। জানা গেছে, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কোর্টনি মার্কিন টিভি সিরিয়ালের অভিনেত্রী। অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে কোর্টনি কফিকে “রাজকুমার” সিনেমার জন্য চূড়ান্ত করা হয়।
গত ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। তখন সিনেমার নায়িকা হিসেবে মার্কিন অভিনেত্রী ও মডেল কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে সময় পরিচালক হিমেল আশরাফ বলেছিলেন, তিনি মনে করেন “রাজকুমার” সিনেমার জন্য মার্কিন এই অভিনেত্রীকে নির্বাচন করার সিদ্ধান্ত তার ভুল ছিল না।