দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় অভিনেতা ফেরদৌস আহমেদকে সংবর্ধনা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে এ সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।
নিপুণ বলেন, “ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচনও করেছিলেন। আজ তিনি এমপি পদপ্রার্থী। আমাদের বিশ্বাস, তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পীরা তার পাশে আছি।”
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। সংবর্ধনার পাশাপাশি শিল্পী সমিতির সদস্যরা ফেরদৌসের পক্ষে নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন বলে জানিয়েছেন নিপুণ।
ফেরদৌস চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। শিল্পী সমিতির ২০২২-২৪ সেশনের নির্বাচনে তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। মনোনয়ন পাওয়ার পর থেকেই সহকর্মী ও ভক্ত-সমর্থকদের অভিনন্দন বার্তা পাচ্ছেন ফেরদৌস।