প্রথমবার ভিডিওসহ প্রেমের গান প্রকাশ করেছেন কিংবদন্তি গায়ক কুমার সানুর ছেলে জান কুমার সানু। “মন” নামে ওই মিউজিক ভিডিওতে তার সঙ্গী হয়েছেন মেক্সিকোতে জন্ম নেওয়া বাঙালি অভিনেত্রী সৃজলা গুহ।
কলকাতার একটি হোটেলে এক অনুষ্ঠানে গানটি প্রকাশ করা হয়। এ সময় গানটি সমর্থনে বাংলা শ্রোতাদের আহ্বান জানান জান কুমার সানু।
মিউজিক ভিডিওটি কম্পোজ করেছেন শিলাদিত্য চৌধুরী ও সোম চক্রবর্তী। এই গানের গীতিকার সোহম মজুমদারের “আমি সাইকো”, “তুই ছড়া কে আছে বল”, “সুন্দরীরে চাই”, “কোন ভুলে”, “মন কান্দে”, “ঘুম না আসা রাতে” গান বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
গানটি পরিবেশনের দায়িত্বে থাকা সুরিন্দর ফিল্মসের এক কর্মকর্তা ঢাকা ট্রিবিউনকে জানান, মন নামে গানটি সুরিন্দর ফিল্মের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। এটি মুক্তির পরপরই দারুণ সাড়া পেয়েছে।
একান্ত আলাপে ঢাকা ট্রিবিউনের পাঠক ও শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলা সিরিয়াল “মন ফাগুন”-এর অভিনেত্রী ও এই গানের পারফর্ম করা সৃজলা গুহ।
সৃজলা ঢাকা ট্রিবিউনকে বলেন, “যতবারই কোনো কিছু মুক্তি পায়। আমি ভয়ে থাকি। কিছুটা নার্ভাস হই। এই চিন্তায়, দর্শকরা এটি কীভাবে গ্রহণ করবে।”
তিনি বলেন, “বাংলাদেশ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব না।”
অভিনেত্রী জানান, সৈয়দ মুজতবা আলী তার প্রিয় বাঙালি লেখক। তিনি আগাথা ক্রিস্টি ও দুর্জয় দত্তের প্রচুর লেখা পড়েন।
মঙ্গলবার কলকাতায় সৃজলা নিজেকে রোমান্টিক নন বলে জানান। তবে রোমান্টিক কথাসাহিত্য নিজের পছন্দ বলে জানান।
সৃজলা ঢাকা ট্রিবিউনকে বলেন, “অভিনেত্রী হওয়ার সবচেয়ে ভালো দিক হলো, এটা আমাকে একটা ভিন্ন জগতে আমার স্থান ও সময় দেয়। আমি নিজে ও ইন্ডাস্ট্রি সেই জগতটি তৈরি করে।”