ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে এক তরুণকে।
শনিবার (২০ জানুয়ারি) উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে যায় এক অশ্লীল ভিডিও। যেখানে দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর মুখ স্পষ্ট!
কিন্তু এই ভিডিও আসলেই রাশমিকার কি-না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই। পরে জানা যায়, প্রযুক্তির কারসাজিতে তৈরি ওই কুরুচিকর ভিডিওতে ইচ্ছাকৃতভাবে রাশমিকা মান্দানার মুখ বসানো হয়েছে। আসল ভিডিওটি আদতে ভারতীয়-ব্রিটিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। তারপর থেকেই ওই ডিপফেক ভিডিওর নেপথ্য রহস্য উদঘাটনে নামে দিল্লি পুলিশ।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৪৬৫, ৪৬৯, ৬৬সি, ৬৬ই- একাধিক ধারায় মামলা দায়ের হয়। তারপর থেকেই মূল হোতার খোঁজে নামে দিল্লি পুলিশ। সবশেষ শনিবার উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন তাঁরা।