ঢাকার গাবতলী এলাকার এক সময়ের জনপ্রিয় সিনেমা হল ‘‘পর্বত’’। হলটির মালিক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সময়ের আবর্তনে দেশের অন্যান্য হলের মতোই জৌলুস হারিয়েছে ‘‘পর্বত’’, দীর্ঘদিন পড়ে আছে বন্ধ অবস্থায়। অবশেষে থাকা সিনেমা হলটি ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিপজলের বরাতে হল ভেঙে ফেলার খবরটি নিশ্চিত করেছে দৈনিক সমকালের অনলাইন সংস্করণ।
ডিপজল বলেন, ‘‘পর্বত’’ সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। অনেকে পুরো বিষয়টা না জেনেই সমালোচনা করছেন। বিষয়টি হলো- নতুন করে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।
এই অভিনেতা-ব্যবসায়ী আরও বলেন, দীর্ঘসময় ধরে এই হল বন্ধ। তাই সেখানে মার্কেট নির্মাণ হবে। কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।
নব্বইয়ের দশকে দেশে প্রায় ১,২৫০টি সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ১৫০-এ। এর মধ্যে ৬০টি হল দর্শক পাচ্ছে, নিয়মিত সিনেমা চলছে। বাকিগুলোও দর্শকহীনতায় বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।