গত কয়েক মাস ধরে শাকিব খান দেশের সিনেপ্রেমীদের মধ্যে একের পর এক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছেন। প্রচণ্ড গরমে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন দেশজুড়ে সিনেমা হলগুলোতে চলছে “তুফান” ঝড়। মুক্তির এক সপ্তাহ পরও হাউসফুল যাচ্ছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর এই সিনেমাটি।
এ সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তীও। জানা গেছে, “তুফান” কলকাতায় মুক্তি দেওয়ার তোড়জোড় চলছে। তবে তার আগে শাকিব খান সিনেমাটি নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে।
শাকিব জানিয়েছেন, তার অনেক দিনের স্বপ্ন, তিনি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী দেখতে চান। তিনি বলেন, “আমি অনেক আগে থেকে স্বপ্ন দেখছি, বাংলাদেশের সিনেমাকে বিশ্বব্যাপী দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।”
তিনি বলেন, “গতবছর ‘প্রিয়তমা’ সিনেমায় গ্লোবালি অনেক বড় সাফল্য এসেছে। সেই নিউইয়র্ক, টরেন্টো, লন্ডন, ডাবলিন, ভেনিস, সিডনি, প্যারিস, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। নিকট ভবিষ্যতে আমরা আরও ভালো করব। আমার বিশ্বাস, গ্লোবালি বাংলা সিনেমা অনেক বড় স্থানে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। আমার স্বপ্নগুলো একে একে পূরণ হচ্ছে, দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি। আমার স্বপ্নের পরিধি আরও বড় হচ্ছে।”
এতবছর পর আপনার কি মনে হয় না যে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক বড় দায়িত্ব আপনার কাঁধে- এমন প্রশ্নের জবাবে শাকিব বলেছেন, “আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনো কিছুর ভর আছে এটা অনুভব করি না। আমার অনুভবটা ভালোবাসার, ফ্যানদের জন্য। যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব।”
সহঅভিনেত্রী হিসেবে মিমি চক্রবর্তী কেমন জানতে চাইলে শাকিব বলেন, “খুব সুন্দরী, অসাধারণ অভিনেত্রী এবং ভীষণ একজন ভাল মনের মানুষ।”